তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে বাজিমাতের পথে অভিনেতা বিজয়


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন অভিনেতা জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি’ নামে বেশি পরিচিত।
তার দল তামিলাগা ভেট্রি কালাঘাম (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এগিয়ে রয়েছে ১২২টির বেশি আসনে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর সোয়া ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টিভিকে রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের উত্থানে কোণঠাসা হয়ে পড়েছে দুই প্রধান দল দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (এআইএডিএমকে)।

২৩৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেই হিসাবে টিভিকে ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি বা তা অতিক্রমের পথে রয়েছে।

বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-এর নেতৃত্বাধীন ডিএমকে এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে পড়েছে। ফলে তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

দ্বিমুখী রাজনীতিতে ধাক্কা

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি মূলত ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই দুই দ্রাবিড় দলের বাইরে তৃতীয় শক্তির উত্থান ছিল বিরল। তবে বিজয়ের টিভিকে সেই ধারায় বড় পরিবর্তন আনছে।

২০২৪ সালে দল গঠন করে রাজনীতিতে আসেন বিজয়। শুরু থেকেই তিনি ঘোষণা দেন, কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে তার দল। নির্বাচনের আগে তিনি এটিকে ‘গণতান্ত্রিক লড়াই’ হিসেবে উল্লেখ করেন এবং আদর্শের সঙ্গে আপস না করার অঙ্গীকার করেন।

জোটে না গিয়ে একক লড়াই

নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে জল্পনা থাকলেও তা নাকচ করে দেয় টিভিকে। দলটি এককভাবেই নির্বাচনে অংশ নেয়।

প্রাথমিক ফলাফলের ধারা দেখে দলের মুখপাত্র ফেলিক্স জেরাল্ড বলেন, “আমরা নিজেদের শক্তিতেই সরকার গঠন করতে পারব বলে আত্মবিশ্বাসী।”

কেরালায় ইউডিএফ এগিয়ে

অন্যদিকে দক্ষিণের আরেক রাজ্য কেরালা-তে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বাম জোটের পরাজয়ের কারণ হিসেবে জনবিরোধী নীতিকে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।