ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত মোদি-শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১:১০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসবেন তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগেই ইঙ্গিত দিয়েছিল যে বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচার ও সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে শুভেন্দু অধিকারী শুরু থেকেই মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ছিলেন।

শুক্রবার বিজেপি বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। বৈঠক শেষে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য একাধিক প্রস্তাব এলেও প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম প্রস্তাব করা হয়নি। তাই সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।”

নতুন সরকারের শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।