দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, “আব্বার অবস্থা এখন খুবই সংকটাপন্ন। একাধিক অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা হ্রাস পেয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করছি।”
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার নিজ বাসায় হঠাৎ পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকেরা জানান, তার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সাপোর্ট প্রয়োজন।
পরে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে লাইফ সাপোর্টে নেওয়া হলেও কিছুটা উন্নতি হলে সেটি প্রত্যাহার করা হয়েছিল।
তবে অবস্থার পুনরায় অবনতি হলে রবিবার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আতাউর রহমানের অসুস্থতার খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর উদ্বেগ বিরাজ করছে। সহকর্মী, শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
আপনার মতামত লিখুন :