ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ সামনে রেখে গরুর বাজারে অস্বাভাবিক স্থবিরতা দেখা দিয়েছে। রাজ্য সরকারের নতুন বিধিনিষেধের কারণে মুসলিম ক্রেতাদের একটি বড় অংশ এখনো পশু কেনায় আগ্রহ দেখাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন গরু মোটাতাজাকরণ ও বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গরু প্রস্তুত করা হয়। এ ব্যবসার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক খামারি ও ব্যবসায়ীও যুক্ত। তবে এবার রাজ্য সরকারের নতুন নির্দেশনার পর বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করে। নির্দেশনায় বলা হয়, প্রশাসনিক অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। পাশাপাশি গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। এই সিদ্ধান্তের পর থেকেই পশু কেনাবেচায় ধীরগতি দেখা দেয়।
ব্যবসায়ীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে গরু লালন-পালন ও মোটাতাজাকরণে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। কিন্তু ক্রেতা না থাকায় এখন তারা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন, পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার দ্রুত এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবে এবং মুখ্যমন্ত্রী এ নিয়ে বিস্তারিত জানাবেন।
বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় উৎসবকে ঘিরে পশুর বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ ক্রেতারাও উদ্বেগের মধ্যে পড়েছেন। পরিস্থিতি দীর্ঘায়িত হলে স্থানীয় পশু বাণিজ্য ও সংশ্লিষ্ট অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: দ্য ওয়াল ইন্ডিয়া।
আপনার মতামত লিখুন :