দেশব্যাপী ব্যাংকিং সেবা ও প্রযুক্তিগত নেটওয়ার্ক আরও বেগবান করার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
আজ শুক্রবার (১৯ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে অফিসার্স ক্লাবের সদস্যসহ সাধারণ গ্রাহকদের আধুনিক ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই বুথটির উদ্বোধন করা হয়।
যৌথভাবে ফিতা কেটে নতুন এই এটিএম বুথটির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এসময় রূপালী ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সারাদেশে এটিএম ও পস (POS) নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই বেইলি রোডের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন বুথটি চালু করা হলো। আগামীতেও গ্রাহকসেবা আরও সহজ ও আধুনিক করতে এই ধরনের প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :