চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৮:০২ অপরাহ্ন

বৈরী আবহাওয়া, টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গত এলাকায় প্রশাসনকে মানুষের পাশে থেকে দ্রুত উদ্ধার, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও বন্যাকবলিত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগে চলমান ভারী বৃষ্টি ও বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।