৭ জেলায় ভয়াবহ বন্যা: ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৩৯ জন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বন্যায় ৭ জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার এবং মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, যেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে রয়েছেন কক্সবাজারের ২৪ জন, চট্টগ্রামের ১২ জন, বান্দরবানের ২ জন এবং খাগড়াছড়ির ১ জন।

দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে বর্তমানে আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন। প্রশাসন উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।