দেশের ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফেরাতে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে ২৯ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। সভাপতি পদে দায়িত্ব পাওয়ার আগে হাবিব উল্ল্যাহ ডন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার (৩ নভেম্বর) এই নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী ৩ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই ২৯ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি: জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক। যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো: নূরুল ইসলাম খান নাঈম এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন রনি দাস। পাশাপাশি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়দের মধ্য থেকে ১৮ জন সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণ শেষে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরগঠন চর্চাকে সারা দেশে ছড়িয়ে দেওয়াটাই হবে তাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, “বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি আগে থেকেই সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।”
অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া বিকাশ সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।”
আপনার মতামত লিখুন :