ডিবিসি কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ; মব সৃষ্টির চেষ্টা থেকে উদ্ধারের দাবি ডিবির

ডিবি কার্যালয়ে নেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় অন্য কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে ডিবি তাকে কিছু জানায়নি বলেও উল্লেখ করেন তিনি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তাকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা করা হলে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি আরও জানান, ডিবিসির রাজীব ঘোষ নামে এক সাংবাদিকের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে ডিবিসি সূত্রের দাবি, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও ডিবি নিয়ে গেছে।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক সাংবাদিকদের বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার বিষয়টি তারা পরে জানতে পেরেছেন। অফিস থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। কেন তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তারা। জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের কোনো মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না, তা জানার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

ডিবিসির সিনিয়র রিপোর্টার ও ক্রাইম চিফ রাজীব ঘোষের বিষয়ে মুক্তাদির অনিক বলেন, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সেই সূত্রে ডিবি সদস্যরা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে ডিবিসি নিউজের কোনো পদে নেই বলেও জানান মুক্তাদির অনিক। তিনি অতীতে চ্যানেলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।