নির্বাচনে পরাজয়ের দায় ‘ভুয়া রিপাবলিকান’ ও ফক্স নিউজের ওপর চাপালেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দলের একাংশ ও সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণের ঘোষণা দিয়ে দলের কয়েকজন নেতাকে ‘ভুয়া রিপাবলিকান’ বলেও সমালোচনা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোন প্রার্থী কেন জিতেছেন এবং কেন হেরেছেন, তা নিয়ে ভালো-মন্দ দুই দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষণ করবেন তিনি।

পোস্টে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সমালোচনা করে ট্রাম্প বলেন, রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে অ্যাবট যদি ‘আরআইএনও’ (রিপাবলিকান ইন নেম অনলি) বা নামমাত্র রিপাবলিকান না হতেন, তাহলে তিনি হারতেন না।

এদিকে ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন ট্রাম্প। এর মাধ্যমে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা পরবর্তী কংগ্রেসে পাস হওয়া আইন আটকে দেওয়ার ক্ষমতার প্রতি তিনি ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফক্স নিউজের রাজনৈতিক প্যানেল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে ওই প্যানেলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের পাশাপাশি অন্যান্য নেতিবাচক বিষয়ও তুলে ধরে ফক্স নিউজ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। তবে নির্বাচনে দলটির পরাজয়ের কারণ নিয়ে তাঁর বিস্তারিত বিশ্লেষণ এখনো প্রকাশিত হয়নি।