দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং খুলনা বিভাগে দুজন রয়েছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৬৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬৮ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬, খুলনায় ২১৫, বরিশালে ২০৬, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬৬ এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতিতে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
আপনার মতামত লিখুন :