খেলাধুলায় নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং দেশের সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে স্টেডিয়ামের গ্যালারির চারপাশে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিযোগিতায় অংশ নিতে আসা ক্রীড়াবিদরা।
স্টেডিয়ামে প্রবেশের পর প্রধানমন্ত্রী গ্যালারির বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে, অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের সেরা ৪০ জন প্রতিযোগীকে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির আমন্ত্রণপত্র দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান তরুণদের বিকাশ এবং তাঁদের প্রশিক্ষণের সুযোগ তৈরির ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলে নির্বাচিত খেলোয়াড়রা নিয়মিত প্রশিক্ষণ ও ক্রীড়াশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বিকশিত করার সুযোগ পাবেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :