লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ


​মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এ সময় সাতটি স্থান থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।
​অভিযানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে আসছিল একটি চক্র। সুযোগ বুঝে দিন ও রাতে এসব বালু চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও সোমাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতটি পৃথক পয়েন্ট থেকে মজুদকৃত ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
​অভিযান শেষে ইউএনও সোমাইয়া আক্তার বলেন,
​“লামায় যোগদানের পর অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”