কোনো রকম চাওয়া-পাওয়া ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করা রক্তদাতাদের ‘জাতীয় বীর’ এবং ‘মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ‘স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের জীবনে ১০ ব্যাগ রক্ত গ্রহণের আবেগময় স্মৃতিচারণ করে অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, শুধুমাত্র সম্মাননা দিয়ে রক্তদাতাদের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব নয়; তাদের সম্মাননা মানুষের অন্তরে চিরজাগ্রত থাকে। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে বরং মানবতার জয়গান শেখা যায়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি মানুষকে আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় সৃষ্টির মাধ্যমে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। বক্তব্য শেষে প্রধান অতিথি রক্তদাতাদের অনুপ্রাণিত করতে তাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আলোচকরা কোয়ান্টাম ল্যাবের রক্তদান কার্যক্রমের বিস্তৃত পরিসংখ্যান তুলে ধরেন। তারা জানান, সাড়ে পাঁচ লক্ষাধিক ডোনার পুলের কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৮ লক্ষাধিক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত ও রক্ত উপাদান দিয়ে সহায়তা করেছে। এই দীর্ঘ যাত্রায় ৫০ বা তার বেশি বার রক্তদানকারী প্লাটিনাম দাতার সংখ্যা ২০১ জন, ২৫ থেকে ৪৯ বার রক্তদানকারী গোল্ডেন ডোনার ৩ হাজার ১৭৪ জন, ১০ থেকে ২৪ বার রক্তদানকারী সিলভার ডোনার ১৩ হাজার ১৫৮ জন এবং কমপক্ষে ৩ বার রক্তদানকারী লাইফ লং ডোনারের সংখ্যা ৫৯ হাজারেরও বেশি। এছাড়া প্রতিষ্ঠানটিতে মোট নারী রক্তদাতা রয়েছেন ৫৫ হাজার ৬০ জন, যাদের মধ্যে লাইফ লং ডোনার ৬ হাজার ৪৯ জন, সিলভার ডোনার ১ হাজার ৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনার রয়েছেন ৫ জন।
অনুষ্ঠানে ৫০ বার রক্তদানকারী নারী প্লাটিনাম রক্তদাতা সৈয়দা রাবেয়া বসরী মুনমুন স্বেচ্ছায় রক্তদানের অনুভূতি উপস্থাপন করেন। পাশাপাশি নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেহেদী হাসান ও হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহ রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান। অনুষ্ঠানের শেষে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
আপনার মতামত লিখুন :