জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। বুধবার (২৫ নভেম্বর) থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মো. মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন।
পরবর্তী সময়ে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সাউথইস্ট ব্যাংকের এএমডি হিসেবে দায়িত্ব পালন শেষে জনতা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন তিনি।
শিক্ষাগত যোগ্যতা
মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।
জনতা ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন, মো. মাহবুব আলমের দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি বর্তমান সংকট কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা অর্জন ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :