গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে হামলায় ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
টহলদলের ওপর হামলা ও গাড়িতে আগুন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহলদলটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথরোধ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিজিবির একটি সাঁজোয়া যান ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ
এজাহারে বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে ভস্মীভূত হয়।
এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
সব মিলিয়ে হামলায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অগ্নিকাণ্ডে অচল টুঙ্গিপাড়া থানার কার্যক্রম
এদিকে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে কার্যক্রম পরিচালনার উপযুক্ত পরিবেশ নেই। এ কারণে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হচ্ছে।
থানা সূত্রের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে কাগজে-কলমে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। অন্যদিকে, টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।
আপনার মতামত লিখুন :