সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম পরিস্থিতির হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজন করে মারা গেছেন ঢাকা ও সিলেট বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৩৭৮
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন।
সব মিলিয়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে।
ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সিলেট বিভাগে ২৩১ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৪ জন এবং রংপুর বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
আপনার মতামত লিখুন :