সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ প্রক্রিয়ার সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদেশগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি প্রবাসী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
এরপর বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় শ্রমবাজারকেন্দ্রিক প্রথম মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার চালু হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মালয়েশিয়াগামী কর্মীদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের সুনাম বাড়ানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে দেশটিতে পাঠানো সম্ভব হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো গেলে তা কর্মী এবং দেশের জন্য লাভজনক হবে। সরকার বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে প্রত্যেক কর্মীকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। কর্মীদের আচরণ ও কাজের মাধ্যমেই বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, যে কোম্পানিতে কর্মীরা কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে ওই প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। এতে বাংলাদেশের কর্মীদের প্রতি বিদেশি নিয়োগকর্তাদের আস্থা বাড়বে।
বিদায়ী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
বক্তব্য শেষে বিদেশগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী আবারও বলেন, বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজকর্মের ওপর বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশের সম্মান বজায় রেখে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
আপনার মতামত লিখুন :