যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে মার্কিন বিমানবাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল কৌশলগত, কর্মী ও রসদ-সংক্রান্ত তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মধ্যে দুটি জানিয়েছে, সিস্টেম হালনাগাদের কাজ চলাকালে গত এক মাসের মধ্যে অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে প্ল্যাটফর্মটির কার্যক্রমে নানা ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।
তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ মাত্রা কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রম নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও অভিযান পরিচালনার সক্ষমতা রক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
কী রয়েছে ক্লাউড ওয়ানে
মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিগত চাহিদা এক জায়গা থেকে পূরণ করতে ২০১৭ সালে ক্লাউড ওয়ান চালু করা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করে তৈরি এই প্ল্যাটফর্মে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এর আওতায় রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। এটি উত্তর আমেরিকাজুড়ে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য তথ্য একত্র করে।
এ ছাড়া বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখার জন্য ব্যবহৃত থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেমও ক্লাউড ওয়ানের অন্তর্ভুক্ত।
দুটি সূত্রের মতে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা খুবই বড় বিষয়।’
স্থগিত হয়েছে হালনাগাদ ও নতুন অ্যাপ স্থানান্তর
হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। দুটি সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, প্ল্যাটফর্মটিতে সামরিক বাহিনীর ব্যাক-অফিস অ্যাপ্লিকেশন স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে গুরুতর সফটওয়্যার দুর্বলতা শনাক্ত হওয়ার সময় বিমানবাহিনীর কর্মীরা সিস্টেম মেরামতের কাজ করতে পারছেন না।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক ক্ষমতাও বাতিল করা হয়েছে।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এসএআইসি। পরে এ দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি। লেইডোস বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে সাইবার কমান্ডও এ বিষয়ে মন্তব্য করেনি।
নিয়ন্ত্রণকেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা
একটি সূত্রের দাবি, সাইবার অনুপ্রবেশকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’ বা মূল নিয়ন্ত্রণকেন্দ্রে পৌঁছে যায়।
ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোটের সঙ্গে তুলনা করেছে। তার মতে, তাত্ত্বিকভাবে এ ধরনের প্রবেশাধিকার কাজে লাগিয়ে সামরিক উড়োজাহাজের সচল থাকার অবস্থা কিংবা যন্ত্রাংশ স্থানান্তরের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।
তবে অনুপ্রবেশকারীরা বাস্তবে এমন কোনো তথ্য পর্যবেক্ষণ বা সংগ্রহ করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করেছে, তা-ও শনাক্ত করতে পারেনি রয়টার্স।
এআই-চালিত সাইবার হামলা নিয়ে উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সাইবার অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই ক্লাউড ওয়ানে হ্যাকিংয়ের খবর সামনে এসেছে।
ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এআই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ, এআই মডেলগুলো বিশাল নেটওয়ার্কজুড়ে দ্রুত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম।
আপনার মতামত লিখুন :