লকডাউন ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ, নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ১০:১২ অপরাহ্ন

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা। আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে আসন্ন লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান জানান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচল করছিল। টহল গাড়ির সামনেই মিছিলকারীদের মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াও এর ব্যতিক্রম নয়। আগামীকালও মশাল মিছিল হবে বলে জানান তিনি। তাঁর দাবি, জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে; এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায়ও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবরও পাওয়া গেছে।

লকডাউন কর্মসূচির আগে সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব রাজনৈতিক কর্মসূচি পালনের ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আসন্ন লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।