মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল বাংলাদেশ নারী দল। সাফের প্রথম নারী ফুটসাল টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল–সবুজের মেয়েরা।

ব্যাংককে অনুষ্ঠিত সাত দলের এই প্রতিযোগিতায় ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৬ পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। ভারত–ভুটান ম্যাচের ফলের কারণে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলেও মালদ্বীপের বিপক্ষে বড় জয়েই চূড়ান্ত হয় বাংলাদেশের সাফল্য।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ৬–১ ব্যবধানে এগিয়ে গিয়ে বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি, যোগ করে আটটি গোল। একটি ম্যাচে ১৪ গোল টুর্নামেন্টের সর্বোচ্চ রেকর্ড।

অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন চার গোল; পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুইবার সাফ ফুটবল এবং এবার ফুটসাল শিরোপা জিতে বাংলাদেশের নারী দল প্রতিষ্ঠা করল নতুন মানদণ্ড।

পুরো আসরে বাংলাদেশ করেছে ৩৮ গোল, হজম করেছে মাত্র ৯টি। রক্ষণ ও গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য।

পুরুষ বিভাগে সাফল্য না এলেও, নারী ফুটসাল দলের এই শিরোপা দেশের ফুটবলের জন্য এক উজ্জ্বল ও আশাব্যঞ্জক বার্তা হয়ে রইল।