ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ছাড়িয়ে নিলেন সাবেক এমপি!


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৮:০১ অপরাহ্ন

:: কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লার মুরাদনগর উপজেলার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের মূখ্য সমন্বয়ক জিয়াউল হক ভূইয়াকে হামলার অভিযোগে ২ জন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করা হয়। মুরাদনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলার ঘটনা থামছে না। নির্বাচনী প্রচার ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনাও রয়েছে।

গতকাল (৫ ডিসেম্বর) দুটি স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের ওপর বোমা হামলার ঘটনায় ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকেরা অভিযোগ বা মামলা করতে গেলেও থানা-পুলিশ তা আমলে নিচ্ছে না, এমন অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন মূখ্য সমন্বয়ক জিয়াউল হক ভূইয়া। মিছিলটি শহরের মোড় থেকে হাবিবুর সরদারের বাড়ি পর্যন্ত গেলে নৌকার সমর্থক জুয়েল সরকার এবং বাবু মিয়া যুবলীগ নেতা এবং ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম তাঁদের বাধা দেন। পরে মিছিলে অতর্কিত কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হাতবোমার বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের মূখ্য সমন্বয়ক জিয়াউল হক ভূইয়া মামলা করতে গেলেও থানা-পুলিশ তা আমলে না নিয়ে উল্টো তাদের হয়রানির করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পরে এ বিষয়ের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথে দেখা করেন। ইউএনওর নির্দেশ পেয়ে মুরাদনগর থানা পুলিশ মো. শফিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা হাফিজ খানকে গ্রেপ্তার করে। একই দিনে সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ছাড়িয়ে নেন।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, কোথাও কাউকে ছাড়িয়ে নেওয়া হয়নি, কাউকে প্রচারে বাধাও দেওয়া হচ্ছে না। আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরুর চার দিন যেতে না যেতেই একের পর এক হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। সামনের দিনগুলোতে এটি আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।