বেসরকারি খাতের এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বৃহস্পতিবার ব্যাংকটির পর্ষদ বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন- উদ্যোক্তা পরিচালক নজরুল ইসলাম স্বপন, নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।
নতুন বোর্ড গঠনের মাধ্যমে দীর্ঘদিনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হলো। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন ‘বিএবি’র চেয়ারম্যানের পদ দখলে রাখেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।
সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিয়ে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, যাঁরা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি, তাঁদের ছাড় দেওয়া হবে না। টাকা উদ্ধারে আইনগত যত পন্থা আছে, সবই অনুসরণ করা হবে। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।
নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ও এক্সিম ব্যাংক। এর মধ্যে প্রথম পাঁচটি ব্যাংকই এ খাতের আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি। সর্বশেষ বিএবির পক্ষ থেকে ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্ণামেন্ট’ আয়োজন করে তিনি সমালোচিত হন। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের পুত্র-কন্যার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নজরুল ইসলামকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
আপনার মতামত লিখুন :