জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন গ্রেফতার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর লঞ্চ মালিক-শ্রমিকদের হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৯ নং পল্টুনে সামনে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লঞ্চ টার্মিনালে বিক্ষোভ মিছিল করে এবং লঞ্চে ভাঙচুর চালায়।

ঘটনার বিবরণে জানা যায়, জবির দুই শিক্ষার্থী সদরঘাটে ঘুরতে গেলে লঞ্চ শ্রমিকদের সঙ্গে তাদের অশোভন আচরণের কথা কাটাকাটি হয়। পরে লঞ্চ শ্রমিকরা ওই দুই শিক্ষার্থীকে মারধর করে। এ খবর পেয়ে আহত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ১০-১২ জন সহপাঠীকে নিয়ে ঘটনাস্থলে এলে লঞ্চের মালিক-শ্রমিকরা রড ও বাঁশ দিয়ে তাদের ওপর পুনরায় হামলা চালায়। এতে নাবিল, মুশফিক, ওমর ফারুক জিলন, শের আলী, টিঙ্কু, ব্রজ গোপাল রায়, ইমরোজ সিদ্দিক, আনিছ ও মাকসুদুল হকসহ নয়জন আহত হন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে কিরণ নামে এক ব্যক্তিকে আটক করে। জবি প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। পুলিশ ইতোমধ্যে কিরণসহ কয়েকজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

লালবাগ জোনের সহকারী পুলিশ সুপার ফজলুল হক বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছে, যার মধ্যে কিরণ ও তার সঙ্গীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার এবং মূল হোতা সুমনকে শাস্তির আওতায় আনা অন্যতম।