:: নিজস্ব প্রতিবেদক ::
নিত্যপণ্যের বাজারে দামের উর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে
রাজধানীর খুচরা বাজারে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ময়দা, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, মসলা, ডিম, মুরগি, গরুর মাংস ও ইলিশ মাছের দাম অস্বাভাবিক হারে বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মিরপুরের মাটিকাটা বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২,১০০ টাকা, মাঝারি সাইজের ১,২০০ টাকা দরে। ব্রয়লার মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি ১৬০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং ডিম প্রতি হালি ৪৬-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মসলা ও ভোজ্যতেলের বাজারে অস্থিরতা
সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা বেড়ে ১৭২ টাকা হয়েছে, পাম অয়েল ও সুপার পাম অয়েলের দামও যথাক্রমে ১০ ও ১১ টাকা বৃদ্ধি পেয়েছে। মসলার বাজারে পেঁয়াজের দাম কেজি ৮৫ টাকা, আমদানিকৃত রসুন ২২০ টাকা ও আদা ১৮০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ময়দার দাম ১০ টাকা বেড়ে কেজি ৬৫ টাকা এবং এলাচের দাম কেজি ৫,২০০ টাকায় পৌঁছেছে। তবে আলুর দাম কিছুটা কমে কেজি ২০ থেকে ৩০ টাকায় নেমে এসেছে।
বৃষ্টিপাত ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিশ্লেষকরা
অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শাকসবজি উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে বলে জানান বাজার মনিটরিং বিশেষজ্ঞরা। টিসিবির এক কর্মকর্তা জানান, পণ্যের দাম স্থিতিশীল করতে জরুরি ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তবে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য নিত্যপণ্যের এই উচ্চমূল্য স্বস্তির বার্তা বয়ে আনতে পারছে না বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংগঠনের নেতারা।
আপনার মতামত লিখুন :