:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা, ১০ আগস্ট: দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিদেশে কী ধরনের কার্যক্রম চালাচ্ছে, তা সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় ‘পার্টি অফিস’ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বিদেশে কী করছে, তা আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। যদি তারা বিদেশ থেকে কোনোভাবেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, আমরা তা কঠোরভাবে নজরদারিতে রাখছি। এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পেলে আপনাদের জানানো হবে।”
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :