দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে: তারেক রহমান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজশাহী, ১০ আগস্ট: আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সরকার গঠন করতে পারলে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”

রবিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারী শক্তি শিক্ষা, বিচার, স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা আড়াই বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। বর্তমান সরকার এখন যে সংস্কারের কথা বলছে, তার বেশিরভাগই আমাদের প্রস্তাবিত।”

তিনি যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কৃষি খাতের উন্নয়নের ওপর জোর দেন। “ফারাক্কার কারণে পদ্মা শুকিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে পানির ন্যায্য হিস্যা চাইতে প্রস্তুত,” যোগ করেন তিনি।

বিচার প্রার্থীদের দীর্ঘসূত্রিতার সমালোচনা করে তিনি বলেন, “বিচার পেতে মানুষকে বছর পর বছর অপেক্ষা করতে হয়। এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থাই আমাদের শক্তি।” এ সময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে ঐক্যের শপথ করান তিনি।

বিএনপি নেতা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, মো. মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন মামুন-অর-রশিদ মামুন।রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও কৌশল নির্ধারণই ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য।