ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ রায় দেন।
মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হলে তার আইনজীবী জামিন চান। তবে রাষ্ট্রপক্ষের আপত্তির পর আদালত জামিন না দিয়ে তাকে জেলে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এ সময় মতিউর আদালতে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি ও আমার স্ত্রী দুজনই জেলে। মা প্যারালাইজড, তাকে দেখার কেউ নেই। আমাকে জামিন দিন, আমি নির্দোষ প্রমাণ করতে পারব।” আদালত জবাবে বলেন, “মামলা তদন্তাধীন, এখনই দোষ-নির্দোষ প্রমাণের সময় নয়।”
গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনায় মুশফিকুর রহমান ইফাত নামে এক যুবক সামাজিক মাধ্যমে আলোচিত হন। পরে জানা যায়, তার বাবা মতিউর রহমান এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এ নিয়ে মতিউর পরিবারের সম্পদের বিষয়ে তোলপাড় শুরু হয়।
দুদকের অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। এছাড়া ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও শেয়ারবাজার অ্যাকাউন্ট জব্দ করা হয়। গত ২৪ জুন আদালত মতিউর, তার প্রথম স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
আপনার মতামত লিখুন :