৪ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে এ অঞ্চলগুলোতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং স্থান বিশেষে ১৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দেয়া হয়েছে।

বুধবার সকাল থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সাতক্ষীরা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান আবহাওয়ার ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।