:: নিজস্ব প্রতিবেদক ::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বিপাকে পড়েছে ভারতের পোশাক রফতানিকারকরা। দেশটির তৈরি পোশাকে ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা উৎপাদন ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল জানিয়েছে, গ্যাপ ও কোলসের মতো মার্কিন ক্রেতারা হঠাৎ করে মধ্যরাতে ফোন করে বলছেন, শুল্কের বোঝা ভাগ করে নিতে হবে। না হলে উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া হবে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালার ১৭টি কারখানায় অর্ডার স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। পার্ল গ্লোবাললের ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে বলেছেন, সব ক্রেতাই ফোন করছে। তারা চাচ্ছে ভারত থেকে উৎপাদন সরিয়ে অন্য দেশে নিতে। এপ্রিলে ট্রাম্পের প্রথম শুল্ক প্রস্তাবে ভারতের ওপর চাপ তুলনামূলক কম ছিল। তখন তা বাংলাদেশের মতো প্রতিদ্বদ্বী দেশের তুলনায় ভারতের জন্য সুযোগ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েনের পর এখন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :