ফিলিস্তিনি শিশুদের পাশে উয়েফার বার্তা: শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ইতালির উদিনে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালে একটি শক্তিশালী বার্তা দিল ইউরোপীয় ফুটবল সংস্থা। ম্যাচ শুরুর আগে “স্টপ কিলিং চিলড্রেন” ও “স্টপ কিলিং সিভিলিয়ানস” লেখা ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে টটেনহাম ও পিএসজি খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। আরও অবাক করা বিষয় ছিল, গাজা থেকে আসা দুই ফিলিস্তিনি শিশুকে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত করা হয়।

উয়েফা ফাউন্ডেশন জানায়, তারা শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের সব সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুদের পাশে দাঁড়াচ্ছে। ১২ বছর বয়সী তালা (গাজা থেকে চিকিৎসার জন্য মিলানে অবস্থানরত) এবং ৯ বছর বয়সী মোহাম্মদ (যিনি ইসরায়েলি হামলায় পিতামাতাকে হারিয়েছেন) বিশেষভাবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। যদিও উয়েফার নিয়মে রাজনৈতিক বার্তা নিষিদ্ধ, তবুও তারা এই বার্তা দিতে পিছপা হয়নি।

বিতর্ক ছড়ায় যখন লিভারপুল স্টারের মোহাম্মদ সালাহ উয়েফাকে প্রশ্ন করেন, “গাজার ফুটবলার সুলেইমান আল-ওবেইদের মৃত্যুর কারণ উল্লেখ করলেন না কেন?” উয়েফা আল-ওবেইদকে “প্রতিভাবান খেলোয়াড়” হিসেবে স্মরণ করলেও ইসরায়েলি হামলার কথা উহ্য রাখায় সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। সালাহর এই প্রশ্ন উয়েফার নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।