সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক আইডি, আইএসপিআরের হুঁশিয়ারি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট চালু হওয়ায় সতর্কতা জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, সেনাপ্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর সূত্রে জানা গেছে, এসব প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার রোধে কঠোর অবস্থান নিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়। আইএসপিআর সূত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের নামে এমন ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে। এ ধরনের অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।