:: নিজস্ব প্রতিবেদক ::
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক আরও বাড়ানো হতে পারে। বুধবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পরিস্থিতি অনুকূলে না এলে শুল্ক বা নিষেধাজ্ঞা বাড়ানো হবে”। ইতিমধ্যে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বেসেন্টের এই হুঁশিয়ারি এসেছে এমন সময় যখন শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকের ফলাফল ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা না হলে ভারতের উপর তৃতীয় দফা শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।
মার্কিন প্রতিনিধি দল আগামী ২৫ আগস্ট ভারতে আসছে নতুন করে বাণিজ্য আলোচনা করতে। তবে ফক্স নিউজকে দেওয়া বিবৃতিতে বেসেন্ট ভারতকে “অবাধ্য” বলে উল্লেখ করেছেন। মার্কিন পক্ষের শর্ত স্পষ্ট – প্রথমে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে, তারপরই আলোচনা সম্ভব। অন্যদিকে ভারতীয়রা আশা করছে, এই আলোচনা থেকে ইতিবাচক ফল আসতে পারে।
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে রাশিয়াকে “অত্যন্ত গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই শাস্তি হতে পারে নতুন নিষেধাজ্ঞা বা শুল্ক। এই জটিল পরিস্থিতিতে ভারতসহ বিশ্ববাজারে এর প্রভাব কতটা পড়বে, তা এখনই অনুমান করা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :