ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরায় উদ্ধার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

র‍্যাবের অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রায় ৪০ হাজার ঘনফুট মূল্যবান সাদা পাথর উদ্ধার করা হয়েছে। রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে সাতটি পাথরের আড়তে গোপন অভিযান চালিয়ে এসব পাথর পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় র‍্যাব-১১-এর গোয়েন্দা সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় আনা হচ্ছে। পরে রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের সহায়তায় অভিযান চালিয়ে বালু দিয়ে ঢাকা থাকা পাথরগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর ও ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এসব পাথর স্থানীয় বাজার ও ক্রাশিং মেশিনে পাঠানো হচ্ছিল। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পাথর আড়তের কর্মীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মালিকদের তালিকা তৈরির কাজ চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।