:: নিজস্ব প্রতিবেদক ::
প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা নেই। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রাজনীতিতে যোগ দেওয়ার মতো ব্যক্তি নই।” শুক্রবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার লক্ষ্য বাস্তবায়নই এখন তার মূল কাজ।
ড. ইউনূস তার সরকারের প্রধান সাফল্য হিসেবে ঐকমত্য কমিশন গঠনের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই কমিশন এ মাসের শেষে নির্বাচন সংস্কার সংক্রান্ত প্রতিবেদন পেশ করবে। প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সংস্কার প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। সংসদীয় কাঠামো (এককক্ষ বা দ্বিকক্ষ)সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠার কাজ চলছে।”
ড. ইউনূস আগামী নির্বাচনকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করে বলেন, “যেসব লাখ লাখ ভোটার গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি দাবি করেন যে এই নির্বাচন হবে গত কয়েকটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, যেখানে জনগণ প্রকৃতপক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :