:: নিজস্ব প্রতিবেদক ::
শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় বিশাল শোভাযাত্রা বের হবে। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত রুটে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।
শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড হয়ে রায় সাহেব বাজার মোড় দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। ডিএমপি রুটে কোনো যানবাহন পার্কিং নিষিদ্ধ করেছে এবং উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে ডিএমপি। হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, অস্ত্র বা কোনো সন্দেহজনক বস্তু নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ডিএমপি নাগরিকদের শোভাযাত্রার রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে যানজট ও ভিড় এড়াতে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পুলিশ ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে এবং নাগরিকদের তাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
ডিএমপি বিজ্ঞপ্তিতে জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শোভাযাত্রার শুরুতে উপস্থিত হতে এবং মাঝপথে যোগ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া রাস্তায় ফলমূল ছোড়া বা অহেতুক ভিড় তৈরি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :