৫ মাস পর ফের হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ, দাম কমবে কি?


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেলে ৭টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করার কথা। কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাধে-শ্যাম অ্যান্ড সন্স ৫০ মেট্রিক টন এবং বাকিরা ৩০ মেট্রিক টন করে পেঁয়াজ আনছে।

গত ২ মার্চ হিলি বন্দর দিয়ে শেষবারের মতো ভারত থেকে পেঁয়াজ আসার পর দেশীয় বাজারে দাম স্থিতিশীল থাকায় আমদানি বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি পেঁয়াজের দাম বেড়ে কেজি ৭০ টাকায় পৌঁছায়। এ অবস্থায় আমদানিকারকরা ফের কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন।

হিলির এক আমদানিকারক বাবলুর রহমান জানান, তার প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আনছে। শুল্ক পরিশোধের পর পাইকারি দাম নির্ধারণ করা হবে। স্থানীয় ব্যবসায়ী এস্তামুল হকের আশঙ্কা, ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম কমতে শুরু করবে। তখন আগের দামে কেনা পণ্য লোকসানেই বিক্রি করতে হতে পারে।

উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে আরও প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হলে বিকেলে জানানো হবে। বাজারে এখন চোখ রাখা সবজি ব্যবসায়ী ও ভোক্তাদের।