:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্রে উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, “সাম্প্রতিক স্বৈরাচারের পুনরুত্থান রোধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ যেন কখনো চরমপন্থার অভয়ারণ্য না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, “জনগণই দেশের মালিক। ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেই কেবল জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা সম্ভব।”
কবি-সাহিত্যিকদের উদ্দেশে তিনি বলেন, “লেখার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে ভোটের অধিকার রক্ষা জরুরি। আমাদের আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অবস্থান অভিন্ন।”
বিএনপি মিডিয়া সেলের আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পরিষদ বাকস্বাধীনতা নিশ্চিতকরণসহ কয়েকটি দাবি উপস্থাপন করে। অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ ও কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :