মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। সোমবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তা কমিয়ে পাঁচ দিন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নাসির উদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাই টিভির মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালিয়েছিলেন। এর ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করলে আসাদুল হক বাবু নিহত হন। তদন্তে আরও দাবি করা হয়, নাসির উদ্দিন তার ক্ষমতা ব্যবহার করে বিরোধী মত দমনে সহায়তা করেছিলেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত ৩০ আগস্ট মামলা দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।