:: নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে চলে যায়। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে ট্রেনটি চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়ার পর আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করার সময় ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখান থেকে আলাদা হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি স্টেশনে প্রবেশ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ট্রেনের গার্ড কে এম শাহীনূর ইসলাম। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেনটি পেছনের দিকে নিয়ে পুনরায় বগি সংযোগ করার চেষ্টা চলছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ধরনের ঘটনা বিরল হলেও এটি রেলপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় রেল কর্মকর্তারা দ্রুত ঘটনার কারণ অনুসন্ধান ও সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও প্রযুক্তিগত ত্রুটি দূর করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :