৮০তম জন্মদিনে প্রথমবার টিভি অনুষ্ঠানে শবনম


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম অবশেষে প্রথমবারের মতো কোনো টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিলেন। রোববার (১৭ আগস্ট) তার ৮০তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শীর্ষক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এই অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনের অজানা স্মৃতি এবং অভিজ্ঞতা দর্শকদের সাথে ভাগ করে নেন।

শবনমের চলচ্চিত্রে পদযাত্রা শুরু হয় ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘হারানো দিন’ চলচ্চিত্রের মাধ্যমে। ষাটের দশকে উর্দু ‘চান্দা’ সিনেমার মাধ্যমে তিনি সমগ্র পাকিস্তানে ব্যাপক খ্যাতি অর্জন করেন। টানা তিন দশক জুড়ে বাংলা ও উর্দু ভাষার ১৮০টিরও বেশি চলচ্চিত্রে তিনি তার অভিনয়শিল্পের অনন্য স্বাক্ষর রেখেছেন। ‘আমার সংসার’, ‘জুলি’, আম্মাজান ‘নাচের পুতুল’ এর মতো কালজয়ী চলচ্চিত্র থেকে শুরু করে ১৯৯৯ সালের ‘আম্মাজান’ পর্যন্ত তার প্রতিটি কাজই বাংলা সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে।

অবাক করার মতো বিষয় হলো, দীর্ঘ ও সফল কর্মজীবনে এটিই শবনমের প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ। আবদুর রহমান পরিচালিত এই বিশেষ অনুষ্ঠানটি তার জন্মদিনে রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইতে সম্প্রচারিত হয়। এই উপলক্ষে দর্শকরা প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় বাংলা সিনেমার এই অবিস্মরণীয় নক্ষত্রকে জীবন্ত দেখার সুযোগ পান।