বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে যৌথ অভিযান, মোতায়েন হবে পুলিশ ফোর্স


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে আগামী ২০ ও ২১ আগস্ট দুই দিনব্যাপী যৌথ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা একটি প্রজ্ঞাপনে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। হাইকোর্টের রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৬/২০১৬ এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া/কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে। ঢাকা জেলা প্রশাসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে এই অভিযানে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে। এ জন্য ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।