পাস করেও কলেজে ভর্তির আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় চমকপ্রদ এক তথ্য উঠে এসেছে। প্রথম ধাপের অনলাইন আবেদনে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬টি। অথচ, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। কারিগরিতে উত্তীর্ণ প্রায় এক লাখ শিক্ষার্থী বাদ দিলে, দেখা যাচ্ছে প্রায় এক লাখেরও বেশি পাস্কৃত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ বা মাদরাসাতেই ভর্তির জন্য আবেদনই করেনি।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে আবেদন নেওয়া হয়। প্রথম ধাপের বাছাই শেষে ফলাফল আজ প্রকাশ করার কথা রয়েছে। তবে (গত বছরগুলোর) অভিজ্ঞতা বলে, পছন্দের কলেজ ও নিজের মেধা ক্রমিকের মধ্যে সামঞ্জস্য না থাকায় অনেকেই প্রথম ধাপে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। আবার নানা ব্যক্তিগত বা পারিবারিক কারণে একটি অংশ প্রথম দফায় আবেদনই করে না।

এ অবস্থার প্রেক্ষিতে, যারা প্রথম দফায় আবেদন করতে পারেনি বা নির্বাচিত হতে পারেনি তাদের জন্য আরও দুই দফায় আবেদনের সুযোগ রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে ২৩ থেকে ২৫ আগস্ট এবং এর ফলাফল প্রকাশ পাবে ২৮ আগস্ট। সর্বশেষ তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। এভাবে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।