:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির জন্য উপযোগী নয়। তাঁর মতে, এই পদ্ধতিতে ভোটাররা জানতে পারে না কোন ব্যক্তিকে তারা ভোট দিচ্ছেন, যা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির জনগণের মুখোমুখি হয়ে তাদের আস্থা অর্জন করাই জরুরি। তিনি আশা প্রকাশ করেন, পিআর পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে ভিন্নমত সময়ের সাথে সাথে সমাধান হবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিছু গোষ্ঠীর শর্তারোপ ও বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচন একটি বড় সুযোগ। বিএনপি তাদের সমর্থন ও সক্রিয় সহযোগিতা চায়। তিনি অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া হামলার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :