একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও তার চেতনাকে ভুলিয়ে দেওয়ার জন্য একটি প্রচ্ছন্ন ষড়যন্ত্র চলছে। তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, “উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের যে আত্মা- সেই অস্তিত্ব রক্ষা পাবে না।” তিনি দেশের সকলকে বিভক্তি ও বিভাজনের রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা ও উন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করারও ডাক দেন।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন এবং দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি ও ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।