:: নিজস্ব প্রতিবেদক ::
শান্তিচুক্তি ভঙ্গকারী ফার্ক গেরিলাদের হামলায় দেশটিতে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত দুটি বিধ্বংসী হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ক্যালি শহরে বিস্ফোরকবোঝাই একটি মালগাড়ি বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয় এবং ৭১ জন আহত হন। এর আগে, আমালফি পৌরসভায় পুলিশের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করলে তাতে ১২ কর্মকর্তা প্রাণ হারান। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি ফার্কের শান্তিচুক্তিবিরোধী গোষ্ঠীগুলোকেই এই নৃশংস হামলাগুলোর জন্য দায়ী করেছেন।
২০১৬ সালের ঐতিহাসিক শান্তিচুক্তি থেকে সরে আসা ফার্কের এই বিচ্ছিন্ন গ্রুপগুলি দেশে আবারও অশান্তির আগুন জ্বালিয়েছে। গত শতকের ষাটের দশক থেকে শুরু হওয়া এই সশস্ত্র সংঘাতে ইতিমধ্যে সাড়ে চার লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সরকারের সঙ্গে চুক্তি না মেনে তারা তাদের সশস্ত্র কার্যক্রম জারি রেখেছে, যা কলম্বিয়ার শান্তিপ্রক্রিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :