:: নিজস্ব প্রতিবেদক ::
বর্ণাঢ্য আয়োজনে এক শিক্ষকের অন্তিম যাত্রা নয়, চিরস্মরণীয় এক বিদায় কাহিনী।
চাকরির শেষ দিনে অফিস কক্ষ নয়, বরং পুরো শহর হয়ে উঠল তাঁর শেষ ক্লাসের কক্ষ। ফুলেল শুভেচ্ছা, আবেগাশ্রু সংবর্ধনার পর এক শিক্ষককে বিদায় জানাতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বেছে নিলেন শতাব্দীপ্রাচীন এক বাহন – ঘোড়ার গাড়ি।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দীর্ঘ ৩৫ বছর চাকরি জীবনের পর ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিলকে এভাবে বিদায় জানান সকলে। বিজ্ঞানের এই শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন তাঁরই স্নেহধন্য শিক্ষার্থী ও সহকর্মীরা।
শিক্ষকতা জীবনে সততা ও নিষ্ঠার জন্য সবাই তাঁর প্রতি গড়ে তুলেছিলেন অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন। বিদায়ের দিনে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সকল পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষার্থী রবিনের ভাষ্যে, “জলিল স্যার ছিলেন আমাদের জন্য বাবাসম। তাঁর আদর আর মমতায় ভরা পাঠদান আজও আমাদের হৃদয়ে গাঁথা। আজ আমরা একজন True Mentor-কে হারালাম।”
সহকর্মী শিক্ষক আইয়ুব আলী বলেন, “একজন অনুপ্রেরণাদায়ক সহকর্মীকে হারালাম। তাঁর পরামর্শ ও আন্তরিকতা সবসময় আমাদের পথ দেখিয়েছে। তাঁর শূন্যতা পূরণ হওয়া অসম্ভব।”
আপনার মতামত লিখুন :