:: নিজস্ব প্রতিবেদক ::
রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে ফের এক শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির পতন। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে তার কার্যকালে বিদেশ সফরে বেপরোয়া ব্যয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। অভিযোগ, প্রেসিডেন্ট থাকাকালীন তার ২৩টি বিদেশ সফরে রাষ্ট্রের প্রায় ২০ লাখ মার্কিন ডলার অর্থের অপচয় হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালে কিউবার জি৭৭ সম্মেলন শেষে যুক্তরাজ্যে বিরতি নিয়ে ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেওয়া, যা রাষ্ট্রীয় টাকায় ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার দেশত্যাগের পর চরম অর্থনৈতিক সংকটের মধ্যেই দায়িত্ব নেন বিক্রমাসিংহে। অর্থনীতি পুনর্গঠনে কিছুটা সাফল্যের জন্য তিনি প্রশংসা কুড়ালেও, তার আমলের বিতর্কিত ভ্রমণই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে ফিরে এসেছে।
৭৬ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দেশটির ছয়বারের প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার শেষ পরিণতি আজ কারাগার। রাষ্ট্রের টাকাকে ব্যক্তিগত ভোগের মাধ্যম ভাবার এই চিত্র কি বিশ্বব্যাপী ক্ষমতাধরদের জন্য একটি সতর্কবার্তা?
আপনার মতামত লিখুন :