ইউক্রেইন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথে আগামী দুই সপ্তাহে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর শুক্রবার সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, “আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমি শিগগিরই সিদ্ধান্ত নেব। সেটি হতে পারে কঠোর নিষেধাজ্ঞা, বাড়তি শুল্ক কিংবা দুটোই। আবার এমনও হতে পারে, আমরা কিছুই করব না।”
সম্প্রতি ইউক্রেইনে রুশ হামলায় একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন কর্মী আহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এই হামলা কিংবা যুদ্ধের কোনো কিছু নিয়েই খুশি নই।”
এদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এ বিষয়ে কোনো আলোচ্যসূচি তৈরি হয়নি।
জেলেনস্কি বারবারই পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন এবং বলেছেন, “যুদ্ধ থামানোর একমাত্র উপায় হলো বৈঠক।” ট্রাম্পও জানিয়েছেন, ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর টেলিফোনে কথা বলে তিনি জেলেনস্কি-পুতিন বৈঠক আয়োজনের প্রক্রিয়া শুরু করেছেন।
আপনার মতামত লিখুন :