ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি-কে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দলের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ডাক দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন তিনি।
সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে)-কে ‘রাজনৈতিক শত্রু’ আখ্যা দেন। তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে এমন কোনো দল নয় যা ভয় পায় বা গোপনে মাফিয়া ব্যবসা চালায়। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে লড়াই শুরু করি।”
বিজয় রূপক ব্যবহার করে বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জঙ্গলে শিয়াল অনেক, কিন্তু সিংহ মাত্র একটি। আর সিংহই জঙ্গলের রাজা।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিজয় বলেন, “আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত পথ মসৃণ হবে। কিন্তু পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে কখনো থাকবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে টিভিকেকে শক্তিশালী করতে চাইছেন থালাপতি বিজয়। গত বছর দলের গঠনের পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই।
আপনার মতামত লিখুন :